নরসিংদীর রায়পুরায় ‘ছন্দু মিঞা ফাউন্ডেশন’র উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি, ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইজুর রহমান সরকার বলেন, ‘‘সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতা ধারণ করতে পারলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।’’
সোমবার (১০ আগস্ট) সকালে নরসিংদীর রায়পুরায় চরমেঘনা প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঁশগাড়ী, মির্জারচর ও চরমধুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফাইজুর রহমান সরকার আরও বলেন, ‘‘রায়পুরার এমপির নেতৃত্বে চর এলাকা, শিক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। বিগত দিনের অশান্ত চরকে শান্ত করে, চরের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াতে বিশেষ নজর দিচ্ছেন এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।’’ পাশাপাশি চরমেঘনা প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করণের জন্য এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি করেন তিনি।
তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এলাকার শিক্ষানুরাগী ও বিত্তবানদের প্রতি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বানও জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









