খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভৈরফামুখ এলাকায় সোনাদী চাকমার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উজ্জল বড়ুয়া (৪৫) ও মো. জসিম (২৫)। উজ্জল মেরুং ইউনিয়নের পূর্ব থানাপাড়া এলাকার এবং জসিম সুধীর মেম্বারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় লোকজন মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে রেখেছেন। পরে এসআই প্রাণতোষ বণিক ও এসআই আলা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
পুলিশের দাবি, তল্লাশির সময় উজ্জল বড়ুয়ার কাছ থেকে ৩০টি ইয়াবা, ৪৫ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার টাকা ও একটি বাটন মোবাইল এবং জসিমের কাছ থেকে ২০টি ইয়াবা ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা ৫০টি ইয়াবার মোট ওজন ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









