২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর পালিয়ে যাওয়া ৮৭ বন্দীর মধ্যে দুজনকে দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (৪৯) ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি গ্রামের রফিকুল ইসলাম গাজী (৩৮)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ওই দুই পলাতক বন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর পর তাঁরা নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে। অন্য পলাতক বন্দীদের গ্রেপ্তারেও অভিযান চলছে।”
পুলিশ ও আদালতের নথি অনুযায়ী, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা কারাগারে ছিলেন। তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানা করা হয়। কারাগার থেকে পালানোর পর ২০২৪ সালের ২৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়।
রফিকুল ইসলাম গাজীও চেক ডিজঅনারের মামলায় সাজাপ্রাপ্ত। আদালতের নথি অনুযায়ী, তাঁকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









