সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে নীলফামারীর সৈয়দপুরে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)।
গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে সশস্ত্র পুলিশ ফোর্স মোতায়েন এবং রাতে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে সৈয়দপুর থানায় লিখিত আবেদন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা।
জানা গেছে, সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম স্বাক্ষরিত একটি চিঠি সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারাদেশের মতো সৈয়দপুরেও লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় প্রায় ৬৫ হাজার বাণিজ্যিক ও আবাসিক গ্রাহককে বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক গ্রাহক ভোগান্তিতে পড়তে পারেন। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র পুলিশ ফোর্স মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে সৈয়দপুরের নিয়ামতপুর এলাকায় অবস্থিত ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র এবং নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পুলিশ মোতায়েনের পাশাপাশি রাতে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করার অনুরোধ করা হয়।
নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম বলেন, ‘‘বর্তমান জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং হচ্ছে। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই নিয়ামতপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরের নিরাপত্তায় পুলিশ ফোর্স মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে।’’
সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, ‘‘বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নেসকোর পক্ষ থেকে পুলিশ ফোর্স মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’’
নেসকো কর্তৃপক্ষের মতে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বর্তমান পরিস্থিতিতে এসব স্থাপনায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









