ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্মরণকালের রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় করেছে যমুনা সেতু কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু মহাসড়ক দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। আর এ থেকে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকার টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ।
যমুনা সেতু পূর্ব সাইট অফিস সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকাগামী লেন দিয়ে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে গ্রামের বাড়ি ছুটছেন কর্মজীবী মানুষ। ফলে যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় যান চলাচল বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মহাসড়কে নিরাপত্তায় ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
কাওছার আল হাবীব/ এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









