রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে দুই হাজার লিটারের বেশি চোলাই মদ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে ও এলাকাবাসীর সহায়তায় পুঠিয়ার ৪ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে মাদকের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২,০০০ লিটারের অধিক চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদ এবং চোলাই মদ উৎপাদনে ব্যবহৃত উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক উৎপাদন, বিক্রি ও বিস্তারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত পুঠিয়া গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদকের বিস্তার রোধে ও মাদকমুক্ত পুঠিয়া উপজেলা বিনির্মাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় এলাকাবাসী জানান, এই অভিযানে আমরা অনেক খুশি, প্রতিনিয়ত এরকম অভিযান চলতে থাকলে এলাকার মাদক ব্যবসায়ীরা ভয়ে থাকবে। মাদক নির্মূলে আমরা প্রশাসনকে সহায়তা করবো ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









