বগুড়া মহানগরের চারমাথা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে সবুজ আহমেদ মিরাজ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ‘পাঁচভাই’ আবাসিক হোটেলের একটি কক্ষের বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজ আহমেদ মিরাজ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
উপশহর ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ ফকির জানান, বুধবার রাত ১০টার দিকে সবুজ আহমেদ রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই হোটেলে ওঠেন। তাঁরা হোটেলের চতুর্থ তলার ২৫ নম্বর কক্ষ ভাড়া নেন।
পুলিশ জানায়, রাতের কোনো এক সময় সবুজের সঙ্গে থাকা রবিউল ঘুমিয়ে পড়েন। পরে ভোরে তিনি ঘুম থেকে উঠে সবুজকে কক্ষে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে দরজা খুলে বাথরুম থেকে সবুজের মরদেহ উদ্ধার করা হয়।
এসআই সোহাগ ফকির বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সবুজের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, ঘটনার পর সবুজের সঙ্গে থাকা রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









