চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে থাকে। এতে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে জাহাজের ভেতর থেকে প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান।
চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিষাক্ত গ্যাস লিকেজে সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









