কুষ্টিয়া শহরের কোট স্টেশন এলাকায় পরিত্যক্ত দুটি শপিং ব্যাগকে কেন্দ্র করে চরম বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভীর রাতে কোট স্টেশনের নকশীকাঁথা মেইল ও শাটল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে মুখ বাঁধা অবস্থায় ব্যাগ দুটি দেখতে পায় স্থানীয়রা। তবে ঘটনার আড়াই ঘণ্টা পর ব্যাগ দুটি কেটে তার ভেতরে পাওয়া গেছে কিছু ইটের টুকরো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে মুখ বাঁধা দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে লোকজনের সন্দেহ হয়। ব্যাগের ভেতরে বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু থাকতে পারে—এমন আশঙ্কায় এলাকাবাসী ও সেখানে থাকা যাত্রীরা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে ব্যাগ দুটি উদ্ধার করে সতর্কতার সঙ্গে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়। পরবর্তীতে রাত তিনটার দিকে ব্যাগ দুটি কেটে পরীক্ষা করা হলে তার ভেতরে শুধুই ইটের টুকরো উদ্ধার হয়। এতে অবসান ঘটে দীর্ঘ আড়াই ঘণ্টার আতঙ্কের।
এ বিষয়ে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন জানান, জনমনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই কেউ এ ঘটনা ঘটিয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









