ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও নির্মাতা রায়হান রাফী দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন। রাফী পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম। এবার প্রকাশ করা হয়েছে সিনেমাটিতে তার অভিনীত কেন্দ্রীয় চরিত্র ডিটেকটিভ দেলোয়ারের লুক।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রটির লুক প্রকাশ করেন নির্মাতা। এর আগে সিনেমাটির বিভিন্ন চরিত্রের লুক ধীরে ধীরে প্রকাশ করা হয়েছে।
২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হয় রায়হান রাফীর। একই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল সিয়াম আহমেদেরও। সেই হিসেবে ‘আন্ধার’ দিয়ে ৮ বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা।
‘দেলোয়ার মানেই সিয়াম’
‘আন্ধার’-এর দেলোয়ার চরিত্রটিকে একেবারে আলাদা ধরনের নায়ক হিসেবে তুলে ধরতে চেয়েছেন রায়হান রাফী। নির্মাতার ভাষ্য, বাংলাদেশের চলচ্চিত্রে এমন একজন নায়ক প্রয়োজন, যিনি শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়বেন। তবে তার লড়াইয়ের পেছনে কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রতিশোধের উদ্দেশ্য থাকবে না। বরং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোই হবে তার মূল লক্ষ্য।
এই চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেতাকে বিবেচনা করেছিলেন রাফী। শেষ পর্যন্ত সিয়ামকেই দেলোয়ার চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত মনে হয় তার। নির্মাতার মতে, শুটিং শেষ করার পর তার মনে হয়েছে, ‘দেলোয়ার মানেই সিয়াম।’
রাফী আরও জানান, তিনি প্রতিটি সিনেমায় নায়কদের ভিন্ন পরিচয়ে উপস্থাপনের চেষ্টা করেন। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর নায়কদের মধ্যে যেমন কোনো মিল নেই, তেমনি ‘আন্ধার’-এর দেলোয়ারও হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্র। এবারই প্রথম তিনি একেবারে ক্লাসিক নায়কোচিত চরিত্র নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন।
তারকাবহুল ‘আন্ধার’
ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন ও শাকিব চৌধুরীর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আন্ধার’। সিয়াম আহমেদের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আফসানা মিমিসহ আরও অনেকে। ভৌতিক গল্পের এই সিনেমাটি চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









