পাবনার চাটমোহরে ছাগল কামড়ানোর অভিযোগে একটি পোষা কুকুরকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কুকুরটির মালিক থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি এলাকায় থাকা আরও দুটি কুকুর মেরে ফেলার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুকুরটির মালিক কৃষক সোলায়মান প্রামাণিকের দাবি, সকালে তিনি বাড়িতে ছিলেন না। মাঠের কাজ শেষে বাড়িতে ফিরে কুকুরটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারেন, প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে নাইম হোসেন শাবল দিয়ে আঘাত করে কুকুরটিকে হত্যা করেছেন।
সোলায়মান প্রামাণিক বলেন, “কুকুরটি আমার শখের পোষা ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা আমি জানি না। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশকে জানিয়েছি। আমি কুকুর হত্যার বিচার চাই।”
অভিযোগের বিষয়ে নাইম হোসেন বলেন, কুকুরটি আগের দিন তার কয়েকটি ছাগলকে কামড়েছিল। এ ছাড়া এলাকার আরো ছাগল ও মুরগিকে কুকুরটি কামড়েছে বলেও দাবি করেন তিনি। এসব কারণে অতিষ্ঠ হয়ে শাবল দিয়ে কুকুরটিকে মেরে ফেলেছেন বলে জানান নাইম।
তিনি আরো বলেন, “ওই এলাকায় আরও দুটি কুকুর আছে। সেগুলোকেও মেরে ফেলব। পোষা কুকুর হলে বাড়িতে বেঁধে রাখা উচিত।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার। পরে কুকুরটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়।
ডা. স্বপন কুমার সরকার বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির পাঁজরে আঘাত করা হয়েছে। এতে ফুসফুসে জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলা হলে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ঘটনাটি মৌখিকভাবে জানার পর প্রাণিসম্পদ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তা গ্রহণ করে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, কোনো কুকুরের কারণে মানুষের বা গবাদিপশুর ক্ষতির অভিযোগ থাকলে আইন নিজের হাতে না তুলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও মানবিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









