১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তাবলয় তৈরি করেছেন। সমাধিসৌধের আশপাশের এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি।
এছাড়া পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড, চৌরঙ্গীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছেন।
এদিকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ টহল বের করা হয়। এতে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় যায়। পরে আবার জেলা শহরে ফিরে আসে।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘‘গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আগামীকালও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি। তবে ১৫ আগস্টকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’’
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকেই তারা দায়িত্ব পালন শুরু করেছে এবং শনিবার আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা করবে।
প্রশাসন জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









