১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝালকাঠির নলছিটিতে চার আওয়ামী লীগ নেতা এবং এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
আটক ব্যক্তিরা হলেন,নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিসাদুল ইসলাম তানভীর, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম মল্লিক, দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং সুবিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে উপজেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, ১৫ আগস্ট কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









