দেশের চলমান গ্যাস সংকট থেকে পুরোপুরি বের হতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘‘জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সময় দিতে হবে।’’
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে কাজ করছে। সংকট থেকে স্থায়ীভাবে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। এ কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।’’
মন্ত্রী বলেন, ‘‘অবকাঠামো তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হতে যতটুকু সময় প্রয়োজন, সেটা দিতে হবে।’’ আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের দিকেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘‘জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খনন করা হলে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। এ ক্ষেত্রে প্রায় দুই বছর সময় প্রয়োজন।’’
অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা সরকারের রয়েছে। এ জন্য মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিরও চেষ্টা করা হচ্ছে।’’
জ্বালানি সংকটের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘‘বর্তমানে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় চাহিদা বেশি থাকে। এ কারণে সংকটটি দৃশ্যমান হয়েছে।’’
কৃষি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘কৃষিক্ষেত্রে সাফল্যের জন্য আগামী দিনের লক্ষ্য হচ্ছে কৃষিকাজ থেকে পুরোপুরি রিটার্ন তুলে আনা। কৃষির এই অপার সম্ভাবনাকে কাজে লাগাবে সরকার।’’
কর্মশালা শেষে সিলেট বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









