পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে ‘সক্রিয় সহযোগী’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে সাঁথিয়া অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা-১ আসনের সংসদ সদস্য ডা. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সক্রিয় সহযোগীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানো, তাদের সমস্যা ও প্রয়োজন জানা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি দলীয় কার্যক্রম সাধারণ মানুষের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে হবে।
নাজিবুর রহমান মোমেন আরো বলেন, দায়িত্বশীল নেতৃত্ব ও তৃণমূলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সংগঠনকে শক্তিশালী করা সম্ভব। এ জন্য প্রত্যেক সহযোগীকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি বলেন, সংগঠনের শক্তি তৃণমূলের কর্মী ও সহযোগীদের সক্রিয়তার ওপর নির্ভর করে। তাই দলীয় কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সমাজে মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মী ও সহযোগীদের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আমির মাওলানা মেহফেলতুর রহমান।
এ সময় প্রিন্সিপাল ইকবাল হোসেন, অধ্যাপক আব্দুল গাফফার খান, ডা. নাঈমুর রহমান খালেদসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী, সংগঠিত ও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









