রাজশাহীর মোহনপুরে মাঠ দিবস ও মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আধুনিক মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে হবে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া মাঠে মোহনপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাঠ দিবসে মসলাজাতীয় ফসলের উন্নত জাত, আধুনিক প্রযুক্তি ও চাষাবাদের বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে রোপা আমন ধানে সার প্রয়োগ, বস্তায় আদা চাষ, পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি-সংক্রান্ত প্রযুক্তি ও ‘খামার অ্যাপস’-এর ব্যবহার নিয়েও আলোচনা করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ও উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশে মসলার চাহিদার একটি বড় অংশ এখনো আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে স্থানীয় পর্যায়ে মসলা উৎপাদন বাড়াতে উন্নত জাতের ব্যবহার, আধুনিক চাষপ্রযুক্তি প্রয়োগ এবং কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি।
এ সময় তারা কৃষকদের সঙ্গে মসলা চাষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং উন্নত জাতের মসলা চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









