সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি পারিবারিক বিষয় মীমাংসাকে কেন্দ্র করে জাতুয়া গ্রামের কলমদর আলীর বাড়িতে আলোচনা চলাকালে মোবাইলে ভিডিও ধারণকে কেন্দ্র করে ইন্তাজ আলী ও হাসান নামের এক যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করেন।
বিকেলে ওই ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









