বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার প্রবেশমুখের টিনের বেড়ায় সড়কবাতির খুঁটি স্থাপন নিয়ে প্রকাশিত সংবাদে নড়েচড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মাথায় বেড়ায় বসানো সবগুলো খুঁটি খুলে নেওয়া হয়েছে।
গত ১২ আগস্ট দৈনিক এদিন পত্রিকায় ‘সোলারের খুঁটি পৌরসভার বেড়ায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে টিনের বেড়ায় সড়কবাতির খুঁটি ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়। এরপর বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে পৌরসভা কর্তৃপক্ষ টিনের বেড়ায় স্থাপন করা সড়কবাতির খুঁটিগুলো অপসারণ করেন। ফলে সংবাদ প্রকাশের আগে যে স্থানে খুঁটিগুলো চোখে পড়ছিল, এখন সেখানে সেই দৃশ্য আর নেই।
স্থানীয়রা জানান, পৌরসভার প্রবেশপথে টিনের বেড়ার সঙ্গে খুঁটি স্থাপনের বিষয়টি প্রথম থেকেই তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। খুঁটিগুলো কোন প্রকল্পের এবং কী উদ্দেশ্যে ব্যবহারের জন্য বরাদ্দ—তা নিয়েও তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়দের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, সংবাদমাধ্যমের নজরদারি ও কর্তৃপক্ষের দ্রুত প্রতিক্রিয়া থাকলে জনস্বার্থের বিভিন্ন অসঙ্গতি সহজেই সংশোধনের সুযোগ তৈরি হয়।
তবে সচেতন মহল বলছে, কোনো সরকারি প্রকল্পের উপকরণ ব্যবহারের ক্ষেত্রে শুরু থেকেই নির্ধারিত বিধিবিধান অনুসরণ করা প্রয়োজন। সংবাদ প্রকাশের পর সংশোধনের পরিবর্তে কাজের সময়ই যদি উপকরণ ব্যবহারের বিষয়টি যাচাই করা হয়, তাহলে বিতর্ক ও প্রশ্ন—দুটিই এড়ানো সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









