অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৬ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটের জয় নিশ্চিত হওয়ার পর জাতীয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী এ সময় সড়কপথে কিশোরগঞ্জে যাচ্ছিলেন। পথে বাংলাদেশ দলের জয়ের খবর পাওয়ার পরই তিনি ভিডিও কলে টাইগারদের সঙ্গে কথা বলেন।
ভিডিও কলে প্রধানমন্ত্রী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সিরিজের পরবর্তী টেস্টের জন্য বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানান তিনি।
উল্লেখ্য, ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









