বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী, গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী কয়েক দশক ধরে তার গান ও রুপালি গিটারের সুরে কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছেন।
আইয়ুব বাচ্চু ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন। পরে প্রায় এক দশক সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। নব্বইয়ের দশকে তাঁর নেতৃত্বে যাত্রা শুরু করে জনপ্রিয় ব্যান্ড এলআরবি।
গায়ক হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি অসাধারণ গিটারবাদন ও সুরসৃষ্টির জন্যও আলাদা পরিচিতি তৈরি করেন আইয়ুব বাচ্চু। তাঁর কণ্ঠে ও সুরে তৈরি হয়েছে অসংখ্য কালজয়ী গান। এর মধ্যে ‘চলো বদলে যাই’, ‘হাসতে দেখো’, ‘এখন অনেক রাত’, ‘রুপালি গিটার’, ‘ফেরারী মন’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সেই তারা ভরা রাতে’, ‘উড়াল দেবো আকাশে’সহ বহু গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
ক্যাসেট-ফিতার যুগ থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মের সময়েও তার গানের আবেদন অটুট। প্রেম, বিরহ, একাকিত্ব কিংবা জীবনের নানা অনুভূতিতে তার গান হয়ে উঠেছে অসংখ্য মানুষের নিত্যসঙ্গী।
দীর্ঘ সংগীতজীবনে বাংলা ব্যান্ডসংগীতকে সমৃদ্ধ করে যাওয়া এই কিংবদন্তি শিল্পী ২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন। তবে তার সৃষ্টি ও কণ্ঠের জাদু এখনো বেঁচে আছে শ্রোতাদের হৃদয়ে।
জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে বাংলা ব্যান্ডসংগীতের ‘রুপালি গিটার’-এর সেই কিংবদন্তিকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









