কক্সবাজারের কুতুবদিয়ায় একদিনে পৃথক পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেল ও সন্ধ্যায় উপজেলার লেমশীখালী ও বড়ঘোপ ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৫ টার দিকে লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজির পাড়ায় রান্নার জন্য পুকুরের ঘাটে মাছ ধুতে যান রুবেল কাদেরের স্ত্রী ইরান (২৫)। এ সময় হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ নেছারুল করিম মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ইরান দুই সন্তানের জননী ছিলেন এবং তিনি মৃগীরোগে ভুগছিলেন।
একই দিন সন্ধ্যা ৬টার দিকে লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজির পাড়ায় পুকুরে ডুবে মারা যায় নুর মোহাম্মদের ১৩ মাস বয়সী ছেলে আনাছ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে বড়ঘোপ ইউনিয়নের হাড়ি সিকদার পাড়ায় পুকুরে ডুবে আহত হয় ১৬ মাস বয়সী শিশু আরিশা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক জানান, পুকুরে ডুবে মারা যাওয়া নারী মৃগীরোগী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানতে ওই নারীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









