সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৫ ও ১৬ আগস্ট অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চা-পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় বিজিবি ৪৮ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য জানান।
কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









