যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নীলফামারীর সৈয়দপুর শহরের বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সৈয়দপুর পৌরসভা।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক ও শহীদ জহরুল হক সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসব সড়কের দুই পাশে দোকানের সামনের অংশ ও ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দোকানের বর্ধিত অবৈধ অংশ অপসারণ করা হয়। ব্যবসায়ীদের দোকানের সামনের জায়গা দখল না করা এবং ফুটপাত ও সড়কের ওপর মালামাল না রাখার জন্য সতর্ক করা হয়। সেই সাথে শহীদ জহরুল হক সড়কে থাকা একটি পাবলিক টয়লেটও দখলমুক্ত করা হয়।
পৌরসভার কর্মচারী আবু সায়িদ বলেন, পৌরসভার নির্দেশনা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক ব্যবসায়ী ফুটপাত পেরিয়ে সড়কের ওপর মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। তাদের দোকানের সামনে থাকা অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে।
সৈয়দপুর শহরের অন্যতম ব্যস্ত সড়ক শহীদ ডা. শামসুল হক সড়ক দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছিল। অভিযোগ রয়েছে, ব্যবসায়ীরা দোকানের পণ্য সড়কের ওপর রেখে এবং কোথাও কোথাও চকি পেতে ব্যবসা পরিচালনা করায় সড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
এ সমস্যা সমাধানে ব্যবসায়ী সমিতির সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও কার্যকর সমাধান আসেনি। অভিযানে সড়কে দোকানদারদের অবৈধভাব থাকা বর্ধিত অংশ অপসারণ করা হয়।
এ সময় সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে ভবিষ্যতে পুনরায় দখল করলে আইনগত ব্যবস্থা ও জরিমানা করার হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানের সময় অনেক ব্যবসায়ীকে নিজ উদ্যোগে সড়ক থেকে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখা মালামাল ও বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। যানজট নিরসন এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









