শরীয়তপুরের জাজিরায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলটির নেতৃত্বে ছিলেন উপজেলা যুবলীগের নেতা ও বড়কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মামুন মোল্লা—এমন অভিযোগ উঠেছে। তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও স্থানীয় পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়।
প্রচারিত ভিডিওতে দেখা যায়, ১৫ আগস্ট উপলক্ষে কয়েকজন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় লাল ক্যাপ পরে সড়কে দলবদ্ধভাবে মিছিল করছেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। অল্প সময়ের ওই মিছিলের পর অংশগ্রহণকারীদের জন্য খিচুড়ি রান্না ও খাওয়ানোর আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ১৫ আগস্ট উপলক্ষে আয়োজন করা হয়েছিল। তবে জাজিরার ঠিক কোন এলাকায় এটি অনুষ্ঠিত হয়েছে এবং মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে সরকার আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। ওই নিষেধাজ্ঞার আওতায় মিছিল, সভা-সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞার এমন পরিস্থিতিতে জাজিরায় যুবলীগের মিছিলের ভিডিও প্রকাশ্যে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিতে একজন ইউপি সদস্যের নেতৃত্বের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরেও এসেছে। মিছিলের স্থান, অংশগ্রহণকারীদের পরিচয় এবং কর্মসূচির আয়োজক ও অর্থের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ।
তবে এ বিষয়ে ইউপি সদস্য মামুন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, “আমরা কিছুক্ষণ আগে ভিডিওটি দেখেছি। মিছিলটি কোন জায়গায় হয়েছে, কারা কারা মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিলের অর্থদাতা কারা—সার্বিক বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









