কক্সবাজারের চকরিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে যান রাশেদা বেগম। গাছটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার চলে গেছে। ডাল কাটার একপর্যায়ে একটি কাঁচা ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে রাশেদা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে উঠানে পড়ে যান।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক বলেন, ‘‘দুপুরে রাশেদা গাছের ডাল কাটতে গিয়েছিল। হঠাৎ বাইরে বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌড়ে বের হই। এসে দেখি, সে উঠানে অচেতন হয়ে পড়ে আছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, শান্তিনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









