সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পিস এসোসিয়েশন চরমহল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে চরমহল্লা ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের গণিত বিভাগের অধ্যাপক ও পিস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য সুমন আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে চরমহল্লা ইউনিয়নের প্রতিটি মসজিদ ও মাদ্রাসার জন্য বিভিন্ন প্রজাতির মোট ৩২০টি গাছ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংগঠনের সদস্য রসিকুল ইসলাম, তাজিদুল ইসলাম, আব্দুল করিম ও মোজাক্কির হোসেন।
অনুষ্ঠানে দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, শিক্ষা সচিব মাওলানা ফরহাদ হোসেনসহ স্থানীয় আলেম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চরমহল্লার প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় গাছ বিতরণের উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









