সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঢাকাগামী এম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ১৭১৬৬৮) ও সিলেট গামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭০৪৩১) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারে থাকা শিশু-মহিলাসহ মোট ৫ যাত্রী আহত হন।
আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই আনুয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আছি। যানচলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি আহতদের পরিচয় শনাক্তে।
এর আগে, গত ৭ আগস্ট একই স্থানে সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









