তামিল তারকা সুরিয়ার সময়টা এখন বেশ ভালোই যাচ্ছে। পরপর দুই সিনেমা দিয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘কারুপ্পু’ বিশ্বব্যাপী প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা হয়ে উঠেছে।
এর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তি পেয়েছে সুরিয়ার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে পাচ্ছে ভালো সাড়া। মাত্র দুই দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে দ্রুততম ১০০ কোটির মাইলফলক ছুঁলেন সুরিয়া।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট মুক্তি পায় ভেঙ্কি আতলুরি পরিচালিত সিনেমাটি। প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির দুই দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি আয় করেছে ছবিটি।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথ। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে বাবা হয় সে। কিন্তু কিছুদিন পর সন্তান অসুস্থ হয়ে পড়লে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয় সঞ্জয়।

প্রথমে অর্থের বিনিময়ে তাদের সম্পর্ক সীমাবদ্ধ থাকলেও সন্তানের সূত্র ধরে ধীরে ধীরে সঞ্জয় ও সেই নারীর মধ্যে তৈরি হয় ভালোবাসা। তবে এই সম্পর্ক ঘিরে রয়েছে বড় একটি বয়সের ব্যবধান—সঞ্জয়ের চেয়ে প্রায় ২০ বছরের ছোট সারোগেট মা ম্যাডি।
সমাজের প্রচলিত নানা ট্যাবু ও স্পর্শকাতর বিষয়কে গল্পের মাধ্যমে তুলে ধরার কারণে সিনেমাটি প্রশংসাও পাচ্ছে। সুরিয়ার সঙ্গে এতে অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি ও নাসার সহ আরও অনেকে।
প্রায় ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ মুক্তির মাত্র দুই দিনেই ১০০ কোটি রুপির ঘরে পৌঁছে সুরিয়ার ক্যারিয়ারে নতুন রেকর্ড তৈরি করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









