কিশোরগঞ্জে ধর্মীয় নের্তৃবৃন্দের আপত্তিতে নির্ধারিত কনসার্ট স্থগিত করেছে জেলা প্রশাসন। কনসার্টে ব্যান্ডদল ‘অ্যাশেজ’ ও সংগীতশিল্পী নোবেলের অংশ নেওয়ার কথা ছিল।
বুধবার (১৯ আগস্ট) কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আলিশান রেস্টুরেন্টের উদ্যোগে কনসার্টটি হওয়ার কথা ছিল।
স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে আগ্রহ তৈরি হলেও শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি বাতিলের সিদ্ধান্তে তা আর অনুষ্ঠিত হয়নি।
জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) কনসার্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে আয়োজকদের দাবি, এর অন্তত ১৫ দিন আগে থেকেই জেলা প্রশাসনের কাছে আবেদনসহ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
মঙ্গলবার (১৮ আগস্ট) কনসার্ট বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করে কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ।
আবেদনে কনসার্টে গান-বাজনার আয়োজনকে শরিয়তবিরোধী উল্লেখ করে অনুষ্ঠান বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও বলা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বুধবার বিকেলে কনসার্ট বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিলের ডাকও দেওয়া হয়েছিল।
বুধবার দুপুরে কনসার্টের অনুমতি বাতিলের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আহমাদুল্লাহ বলেন, ‘‘আবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে।’’
আয়োজক আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, ‘‘রেস্টুরেন্টের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করার পর তারা অনুষ্ঠান আয়োজনের অনুমতিও দিয়েছিলেন। তবে বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে কনসার্ট আয়োজন না করার কথা জানানো হয়।’’
তিনি আরো বলেন, ‘‘অনুমতি বাতিলের খবর পাওয়ার পর মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে।’’
পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, শ্রমিকরা মঞ্চের বিভিন্ন সরঞ্জাম খুলে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন।
দকনসার্টের অনুমতি বাতিলের ঘটনায় স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, একটি সমাজে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সুস্থ সংস্কৃতি, সংগীত ও বিনোদনেরও প্রয়োজন রয়েছে।
কিশোরগঞ্জ সন্দীপন সাহিত্য আড্ডার সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম বলেন, ‘‘যেকোনো গোত্রের, যেকোনো মতের বা বিশ্বাসীদের মতাদর্শিক অথবা সাংস্কৃতিক আয়োজনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে দেয়া স্থানীয় প্রশাসন তথা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা বা যেকোনো পক্ষের সাথে আপস করার মানে হবে রাষ্ট্রীয় দায়বোধের ব্যর্থতা, যা কেবল আমাদের পশ্চাদপদতার রাস্তাই প্রশস্ত করবে। এটি গণতন্ত্রের জন্যও অশনি সংকেত, যা কোনোভাবেই কাম্য নয়।’’
কিশোরগঞ্জের মঞ্চাভিনেতা তাকরিম আহমেদ বলেন, ‘‘কিশোরগঞ্জে কনসার্টটি হচ্ছে না। এই ব্যর্থতাটা প্রশাসনের। আর প্রশাসনের ব্যর্থতা মানেই সরকারের ব্যর্থতা।’’
কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন কাসেমী বলেন, ‘‘হারামের প্রতি যাদের এতটা আকর্ষণ, তারা আপনাকে-আমাকে হালাল খাওয়াবে এর নিশ্চয়তা কোথায়?’’
কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘‘গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। এ কারণে কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে।’’ পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স নেই বলেও জানান তিনি।
তবে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রশাসনের কাছ থেকেই তারা কনসার্টের অনুমতি নিয়েছিলেন। শেষ মুহূর্তে প্রশাসনের সিদ্ধান্তে অনুমতি বাতিল হওয়ায় তারা অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









