চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে করনীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের র্যাব কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক, নবাবগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান হোসেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।
সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, আগে জুয়া খেলাগুলো এক জায়গায় বসে হত। এখন আধুনিক সভ্যতার যুগে এখন পরিবর্তন হয়ে তা অনলাইনে রুপ নিয়েছে। দ্রুত টাকা ইনকাম ও ভোগবিলাসের জন্য মানুষ লোভে পড়ে জুয়ায় আসক্ত হচ্ছে। কেউ এখন আর কায়িক পরিশ্রম করতে চাইছে না। বাংলাদেশে অনলাইন জুয়ার গডফাদাররা বিদেশে বসে এসব পরিচালনা করছে।
দেশে এখন মেহেরপুর, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জায়গায় এ জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে এ বছরের মে থেকে অদ্যবধি ২৬৮টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে এখন ৫০ লাখের অধিক মানুষ জুয়ার সাথে জড়িত। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ও শিক্ষকের ভূমিকার মাধ্যমেই এসব রোধ করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









