পাবনার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি-২০২৫ পরীক্ষায় আইজিপি শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির ক্রেস্ট তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘‘শুধু একাডেমিক সাফল্য নয়, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ ভবিষ্যতে তারা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাখাওয়াত হোসেন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
কৃতী শিক্ষার্থীদের এই অর্জনে পাবনা জেলা পুলিশ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। ভবিষ্যতেও তারা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









