বইকে পরম বন্ধু বানিয়ে বড় স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রম ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা পরিষদ, পৌরসভা ও সব উপজেলা পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ঝালকাঠি জেলায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৪১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘‘বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। মফস্বল থেকে পড়াশোনা করেও যে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব, নিজের জীবনের উদাহরণ দিয়ে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি।
তিনি বলেন, আমিও তোমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করেছিলাম। আজ আমি বিশ্বের ৬২টি দেশ ঘুরেছি এবং বিশ্বব্যাপী কাজ করেছি। আমি পারলে তোমরাও পারবে।
তিনি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নিতে হবে। প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে হবে এবং উত্তর খুঁজে বের করার অভ্যাস গড়ে তুলতে হবে। জীবনে ব্যর্থতা এলে হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও চেষ্টা করার পরামর্শ দেন তিনি।
মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘‘শুধু নিজের সাফল্যের কথা ভাবলে হবে না, পিছিয়ে পড়া ও দুর্বল সহপাঠীদের পাশে দাঁড়াতে হবে।’’ অন্যায়ের কাছে মাথা নত না করে দুর্বলকে সহযোগিতা এবং সবসময় বিনয়ী থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









