ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আসামি আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মাসুদ আলী আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের ইউনুস আলী পাটোয়ারীর ছেলে আল-আমিন পাটোয়ারী। অপর আসামি ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুস আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের আবদুল মোল্লার ছেলে কৃষক নায়েব আলীর সঙ্গে প্রতিবেশী ইউনুস আলী ও তার ছেলে আল-আমিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ২০২৫ সালের ২৮মে ঘটনার দিন নায়েব আলী নিজ জমিতে কৃষিকাজ শেষ করে স্থানীয় জামিরুলের দোকানে পানি পান করতে যান। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে অতর্কিত হামলা চালায় এবং পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত প্রধান আসামি আল-আমিনকে গ্রেপ্তার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল-আমিন ও পিতা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দন্ডিত করে আদালত। একই সাথে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামির তালিকা থেকে বাদ পড়েন রাশিদা বেগম।
দীর্ঘ শুনানি ও মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত এই রায় প্রদান করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম মশিউর রহমান এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকিদুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবু তালেব ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, “বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র সাত কার্যদিবসের মধ্যেই সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায়ে ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুস আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।”
আদালতের এ রায়ে নিহত নায়েব আলীর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









