যশোর শহরে দিনে দুপুরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় আল-আমিনকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আমিনের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, ‘‘সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









