বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক থাকা আসামিকে প্রায় একযুগ পর গ্রেপ্তার করেছে র্যাব-৮।
গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার সেরজাহান মুন্সীর ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর মিডিয়া সেল জানায়, ২০১২ সালের ২৭ নভেম্বর একটি ওয়ানশুটার গান এবং এক রাউন্ড গুলিসহ রাসেল মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ওই দিনই বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়, আদালত ২০২০ সালের অক্টোবর মাসে রায় ঘোষণা করেন এবং রাসেল মুন্সী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা তামিল কারি সংশ্লিষ্ট কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-৮ বরিশালের অধিনায়ক বরাবর একটি অধিযানপত্র প্রেরণ করেন। যার প্রেক্ষিতে, র্যাব-৮ বরিশাল সদর কোম্পানি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামিকে গ্রেপ্ত্ন করতে সক্ষম হয়। র্যাব-৮ বরিশাল সদর কোম্পানি ও র্যাব-১ গাজীপুরের সিপিএসসির সমন্বয়ে একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









