শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন পরিদর্শন করেছেন পিটিআই ইন্সট্রাক্টর মনোরঞ্জন রায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা ৫৮ মিনিটে তিনি ভার্চুয়ালি বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন।
পরিদর্শনের সময় তোলা ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পরিপাটি ইউনিফর্মে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝে একজন শিক্ষক উপস্থিত রয়েছেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও বিদ্যালয়ের মনোরম পরিবেশ সবার নজর কাড়ে।
এই প্রতিষ্ঠানটি শুধু লেখাপড়াতেই নয়, গুণগত শিক্ষায়ও রোল মডেল হয়ে উঠেছে। ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোকারামা মলি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন।
পরিদর্শন শেষে পিটিআই ইন্সট্রাক্টর শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মোকারামা মলির মতো শিক্ষিকারা অনুপ্রেরণা। এই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।’’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘‘আমাদের শিক্ষিকা জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত। পিটিআই স্যারের এই পরিদর্শন আমাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’’
শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সকলেই এই অর্জন ও পরিদর্শনকে বিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









