জনসমক্ষে তোলা তার ছবি এআই দিয়ে বদলানো বা উন্নত করা চলবে না, গণমাধ্যমের কাছে এই অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ামি গণমাধ্যমকে তার ছবি মূল অবস্থায় প্রকাশ করার অনুরোধ করেন।
‘জ্ঞান ও সম্মতি ছাড়া ছবি পরিবর্তন করা উচিত নয়’
ইয়ামি লিখেছেন, “গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ—জনসমক্ষে আমার উপস্থিতির সময় তোলা ছবিগুলো পরিবর্তন বা সৌন্দর্যবর্ধনে এআই ব্যবহার করা থেকে বিরত থাকুন। অনুগ্রহ করে ছবিগুলো মূল অবস্থাতেই ব্যবহার করুন।”
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তির জ্ঞান ও সম্মতি ছাড়া এআই ব্যবহার করে তার ছবি বা অবয়ব পরিবর্তন কিংবা বিকৃত করা উচিত নয়।
ইয়ামির এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন তারকাদের ছবি ও ভিডিও নিয়ে এআই-নির্ভর বিকৃতি, ডিপফেক ও পরিচয় অপব্যবহারের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সামান্থার ঘটনায় আদালতের নির্দেশ
গত সপ্তাহে বম্বে হাইকোর্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে আপত্তিকর বিভিন্ন কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
এসব কনটেন্টের মধ্যে ছিল এআই-নির্মিত ডিপফেক, ভুয়া পর্নোগ্রাফিক কনটেন্ট, পণ্য ও বিজ্ঞাপন—যেখানে অনুমতি ছাড়াই সামান্থার নাম, ছবি, অবয়ব ও পরিচয়ের বিভিন্ন দিক ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
‘চুট্টামাল্লে’ গান নিয়েও বিতর্ক
এদিকে ‘চুট্টামাল্লে’ গানকে ঘিরে এআই দিয়ে তৈরি একটি বিকৃত ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও ব্যাপক সমালোচনা হয়। গানটি দেবারা: পার্ট ১ ছবির, যেখানে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে গানটির দৃশ্যে জাহ্নবী কাপুরের চেহারা ও উপস্থিতি ডিজিটালভাবে বিকৃত করে তাকে যৌনভাবে আপত্তিকর অবস্থায় দেখানো হয়। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় জুনিয়র এনটিআরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান।
অভিনেতা চিরঞ্জীবী এআই প্রযুক্তির এমন অপব্যবহারের নিন্দা করে পুরো তেলুগু চলচ্চিত্র অঙ্গনকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “এটি শুধু একজন ব্যক্তি বা একটি ছবির বিষয় নয়। আজ এটি অন্য কারও সঙ্গে ঘটেছে, কাল আপনার, আমার কিংবা আমাদের পরিচিত যেকোনো মানুষের সঙ্গে ঘটতে পারে। আমাদের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত নীরব থাকা উচিত নয়। এই অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের সবার দায়িত্ব।”
নতুন ছবিতে ইয়ামি
এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ইয়ামি গৌতম। তার নতুন ছবি ‘নাইয়ি নাভেল্লি’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
ছবিতে তিনি মোহিনী চরিত্রে অভিনয় করেছেন। বিয়ের পর আওয়াস্তি পরিবারের নতুন বউ হিসেবে তার মানিয়ে নেওয়ার গল্প দিয়েই ছবির শুরু। তবে ধীরে ধীরে গল্পের মোড় বদলায়। মোহিনীর চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে থাকে এবং পরিবারের নানা গোপন রহস্য সামনে আসতে শুরু করে।
ছবিতে ইয়ামির সঙ্গে অভিনয় করেছেন আদিনাথ এম কোঠারে, অনুরাগ ঠাকুর, সুনীতা রাজওয়ার, মীতা বশিষ্ঠ, আদিত্য কুলশ্রেষ্ঠ, সুশমিতা মুখার্জি ও প্রতীক পাচোরি।
‘নাইয়ি নাভেল্লি’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









