‘সবুজের ছোঁয়ায় গড়ি সুন্দর আগামী’ স্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা ইসলামী যুব সংঘ।
রবিবার (৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলা সদরের থানা ভবন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সামাজিক কবরস্থান, ঈদগাহ মাঠ ও রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবীরা। এ সময় উপস্থিত থেকে তাদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদ বলেন, ‘‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন সমাজ গড়তে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই উদ্যোগের মাধ্যমে এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্নতার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।’’
মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি বলেন, ‘‘ইসলাম পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দিয়েছে। একটি গাছ থেকে মানুষ, পশুপাখি ও পরিবেশ উপকৃত হলে এর সওয়াবও অব্যাহত থাকে। তাই নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









