নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি দুপুরে আত্রাই উপজেলার রামপুর মৌজায় পুলিশ চেকপোস্ট উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম।
সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের ব্যক্তিগত সহায়তায় দুই উপজেলায় এই দুটি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হয়।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ‘‘নওগাঁ জেলা থেকে রেললাইন বরাবর নাটোর পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির অধিকাংশই ফাঁকা। বিশেষ করে সন্ধ্যার পর এই সড়কে ছিনতাই বা সড়ক ডাকাতির ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং চলাচলকারীদের আতঙ্ক দূর করতেই জনগণের দীর্ঘ চাহিদার পরিপ্রেক্ষিতে এই চেকপোস্ট দুটি নির্মাণ করা হয়। প্রতিটি চেকপোস্টে একজন এএসআই’র নেতৃত্বে পাঁচজন করে পুলিশ সদস্য কর্মরত থাকবে।’’
সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন, ‘‘বর্তমান সরকার সবক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমার নির্বাচনি অঙ্গীকার ছিল। তারই অংশ হিসেবে পুলিশকে অধিক সক্রিয় করতেই এই দুটি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হলো।’’
এ সময় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









