কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ জনকে উদ্ধার করেছে র্যাব। এ সময় মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি আব্দুল আমিন (২২)। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন বাংলাদেশি নারী ও পুরুষকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য নাইট্যংপাড়া এলাকায় জড়ো করেছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে পিএইচপি বরফ মিলের পাশে হাবিবুল্লাহর বাড়ির সামনের এলাকায় অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আব্দুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আব্দুল আমিন স্বীকার করেছেন, তিনি ও পলাতক সহযোগীরা পরস্পর যোগসাজশে উদ্ধার হওয়া ১০ জনকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করেছিলেন।
অভিযানস্থল থেকে উদ্ধার করা ১০ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তাদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল।
উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার আব্দুল আমিনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









