ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক লিখন বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। সে সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা।
জানা যায়, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজ পাড়ায় একটি মেসে থাকতেন। সন্ধ্যার দিকে মেসের বাজার করাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে কাউসার আলী তার রুমমেট লিখনকে থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করে। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় লিখনও আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আটক লিখন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









