সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া গতির ১০ চাকার একটি বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ডাম্প ট্রাকটির হেলপার রায়হান।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নূর পাম্প থেকে ৫০০ মিটার দূরে ‘এস অ্যান্ড বি’ ইটভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। অপরদিকে আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে ১০ চাকার ওই বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় মূল চালক ঘুমিয়ে থাকায় হেলপার রায়হান নিজেই বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। একপর্যায়ে ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
এতে গাড়িতে থাকা চালক শরিফুল এবং ট্রাকের হেলপার রায়হান দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় চালক শরিফুল ইসলাম মারা যান। বর্তমানে আহত রায়হান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক ও প্রকৃত কারণ বের করতে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









