পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক বরিশাল সদর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান, শপথ গ্রহণ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি করেন। পরে পরিচ্ছন্নতা রক্ষায় শপথ গ্রহণ করা হয়। শপথ শেষে জনসচেতনতা বাড়াতে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরেন। এ সময় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও নান্দনিক উপজেলা গড়ে তোলা কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়। এ জন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে দীর্ঘমেয়াদে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়; এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া প্রয়োজন। এ উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, উপজেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হবে।
কর্মসূচিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









