পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. শাহ আলম ওরফে তুষার (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামস্থ শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২২ আগস্ট) জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত তুষার ঈশ্বরদী উপজেলার বাজারপাড়া পাকশী এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি টিম রাতে ঈশ্বরদী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাত ১টা ৫০ মিনিটের দিকে সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তুষার পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
আটকের পর তুষারের দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিষয়টি নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









