বরিশালের হিজলা উপজেলায় মাদক সেবনের অপরাধে ৯ জন শিক্ষার্থীকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) সকালে আটক শিক্ষার্থীদের হিজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযুক্ত শিক্ষার্থীরা ঢাকা, বরিশাল ও স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত হিজলা থানা-পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বোম্বাই শহর এলাকা থেকে ৬ জন এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।
পরদিন সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তদের প্রত্যেকে ৪ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, জরিমানার অর্থ পরিশোধের পর ভবিষ্যতে আর কখনোই এ ধরনের অপরাধে না জড়ানোর বিষয়ে সতর্ক করে শিক্ষার্থীদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









