গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাজমুল হোসেন (৩০) নামে এক পিকআপচালক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন ওই গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি মুরগিবাহী পিকআপ চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়েও স্ত্রীর সঙ্গে তার কলহ চলছিল।
দুই দিন আগে তার স্ত্রী সাইমা আক্তার বাবার বাড়িতে বেড়াতে যান। পরে নাজমুল নিজে গিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলে স্ত্রী আরো দুই দিন বাবার বাড়িতে থাকার কথা জানান। পরে নাজমুল তার মাকেও স্ত্রীকে আনতে পাঠান। তাতেও স্ত্রী ফিরে না আসায় অভিমান করে রাতে নিজ ঘরে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে স্থানীয়রা জানান।
কাওরাইদ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রফিকা বলেন, নাজমুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। এর আগেও স্ত্রীর সঙ্গে রাগ করে তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তার স্ত্রী দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। শুক্রবার রাতে আবারও অভিমান করে তিনি আত্মহত্যা করেন। রাত ২টার দিকে বিষয়টি তাকে জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নাজমুলের পরিবারে পারিবারিক কলহ চলছিল। নেশার টাকা না পাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ হতো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









