“কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়—ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়”—বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সুরে, মাঝিদের গান, করতালি ও বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে পুরো হাওর।
শনিবার (২২ আগস্ট) দুপুর থেকেই শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও এলাকার হাওরে নৌকা বাইচ দেখতে চারদিকে হাজারো মানুষের ভিড় জমে। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে হাওরে উপস্থিত হন এলাকাবাসী। তাদের উচ্ছ্বাস আর নৌকার সারিতে হাওর হয়ে ওঠে উৎসবমুখর।
এই নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা নিয়ে অংশ গ্রহণ করেন ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়া, শান্তিনগর গ্রামের ফখরুল ইসলাম, নাছিরপুর গ্রামের মাতাব আলীসহ আরো কয়েকটি নৌকা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা। দ্বিতীয় স্থান অধিকার করে ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দিন চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল আহমদ। সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি নাছির উদ্দিন চৌধুরী। নৌকা বাইচ দেখতে হাওরের চারপাশে ভিড় করেন হাজারো দর্শনার্থী। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সারা উপজেলা জুড়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









