মুন্সিগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে রাইয়ান (৪) ও মো. ইব্রাহিম (৫) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠাল বাড়ি এলাকার সৌদি আরব প্রবাসী মো. মহিউদ্দিন মোল্লার পুত্র রাইয়ান ও তার ভাই মো. মহাসিন মোল্লার পুত্র মো. ইব্রাহিম নতুন খনন করা বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে যায়। ধারনা করা হচ্ছে খেলার সময় তারা পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কান্তা দাস জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিশু দুটিকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
রাইয়ান ও ইব্রাহিম সম্পর্কে আপন চাচাতো ভাই। তাদের দুজনের বাবা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। একই বাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









