ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার দায়ে এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায়ের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা মানিক, একই গ্রামের আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মো. মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন তার বন্ধু হীরা মানিক। দীর্ঘদিন পার হলেও টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করতে থাকেন তিনি। পরবর্তীতে ছানোয়ার টাকা তাগাদা দিলে দুজনের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।
এই শত্রুতার জের ধরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় মোবাইল ফোনে কল করে ছানোয়ারকে ডেকে নিয়ে যান হীরা মানিক। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার কোনো খোঁজ পাননি।
নিখোঁজের চার দিন পর, ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কৃষক ছানোয়ার হোসেনের বলে শনাক্ত করেন। পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে।
এ ঘটনায় নিহত ছানোয়ারের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিককে প্রধান আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রবিবার আদালত এই ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্তদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









