নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে জামায়াতের কর্মসূচিতে অংশ নেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে একটি ফার্মেসির পেছনে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে হেলাল উদ্দিনের বিরুদ্ধে। বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে তাকে আটক করেন। পরে গ্রাম পুলিশের সহায়তায় হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হেলাল উদ্দিন আদর্শ গ্রাম এলাকার বেলায়েত খলিফার ছেলে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তিনি অতীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্বেও ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।
হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, ‘‘হেলাল উদ্দিনকে জামায়াতের কোনো পর্যায়ের কর্মী বা সদস্য করা হয়নি। রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন মানুষ নিজেদের নিরাপত্তার জন্য বিভিন্ন দলের কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। হেলাল উদ্দিনও জামায়াতের কয়েকটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন।’’
স্থানীয়দের ভাষ্য, হেলাল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ উঠেছিল। গত ৫ আগস্ট এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়ভাবে সালিশ বসে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলেও কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘‘ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









